ইদকে কেন্দ্র করে রাঙামাটির তাঁতপল্লীগুলোতে ব্যস্ততা তুঙ্গে। তাঁতের খটখট শব্দে মুখর পুরো এলাকা। স্থানীয় তাঁতীরা নতুন ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, গামছাসহ ঐতিহ্যবাহী পোশাক তৈরিতে দিনরাত পরিশ্রম করছেন। ব্যবসায়ীরা আশা করছেন, ইদের ছুটিতে পর্যটকদের চাহিদার ফলে তাঁতের পণ্য বিক্রি ছাড়িয়ে যাবে অর্ধকোটি টাকা।
শহরের আসামবস্তী টেক্সটাইল কারখানার শ্রমিক জোনাকি চাকমা বলেন, "ইদের ছুটিতে রাঙামাটিতে প্রচুর পর্যটক আসেন, তারা তাঁতের পণ্য কিনে নিয়ে যান। সেই চাহিদার কথা মাথায় রেখেই আমরা ব্যস্ত সময় পার করছি।"
শহরের স্বর্ণটিলা আর এস টেক্সটাইলের মাস্টার রনি মারমা জানান, তাদের কারখানায় কাজের চাপ প্রচণ্ড বেড়েছে। শ্রমিকরা প্রতিদিন ওভারটাইম করছেন, যাতে ইদের বাজার ধরতে পারেন।
এদিকে, তবলছড়ি টেক্সটাইল মার্কেট, রিজার্ভ বাজার, কাঁঠালতলী ও পর্যটন এলাকার তাঁতের দোকানগুলোও নতুন পণ্যে সাজিয়ে তোলা হয়েছে। বনানী টেক্সটাইলের স্বত্বাধিকারী রাহুল চাকমা বলেন, "ইদ উপলক্ষে আমরা নতুন ডিজাইনের পোশাক এনেছি, পর্যটকদের কাছেও এসবের ব্যাপক চাহিদা রয়েছে।"
রাঙামাটি টেক্সটাইল মালিক সমিতির সভাপতি বাবলা মিত্র জানান, তাঁতশিল্প রাঙামাটির ঐতিহ্যের অংশ। ইদ উপলক্ষে পর্যটকদের জন্য নতুন ডিজাইনের প্রচুর পণ্য প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, "রাঙামাটির সব কারখানায় রাত-দিন কাজ চলছে। আমরা আশা করছি, ইদের বাজার বেশ চাঙা থাকবে।"

-পার্বত্য সময়