পার্বত্য জেলা রাঙামাটি–খাগড়াছড়ি মহাসড়কের প্রশস্তকরণ ও উন্নয়নকাজ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে।

রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রাঙামাটি–খাগড়াছড়ি ৬১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি প্রশস্ত ও মানসম্মতভাবে উন্নয়ন করা হবে। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৪ কোটি টাকা।

এর আগে রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

পরিকল্পনা উপদেষ্টা জানান, একনেক সভায় রাঙামাটি–খাগড়াছড়ি মহাসড়ক প্রকল্পসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংশোধনী প্রকল্পসহ মোট ২৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হচ্ছে। আগামী জুন বা ডিসেম্বর মাসে যেসব প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে। অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দ বন্ধ হয়ে যাবে।

এছাড়া চলমান প্রকল্পগুলো এখন থেকে প্রতি তিন মাস পরপর মূল্যায়ন করা হবে এবং প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়ায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।