সারা দেশের মতো রাঙামাটিতেও প্রকাশিত হয় এসএসসি ও সমমান পরীক্ষার ফল। জেলার সার্বিক ফলাফল তুলনামূলকভাবে পিছিয়ে থাকলেও তিন পার্বত্য জেলার মধ্যে এবার সেরা ফলাফল করেছে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১৬১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। একই সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলে ষষ্ঠ স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এ বছর রাঙামাটি জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৪১ দশমিক ২১ শতাংশ। মোট ৭ হাজার ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৯৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৭ জন।
প্রতিষ্ঠানটির ফলাফল অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষায় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৬১ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের সবাই উত্তীর্ণ হওয়ায় পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশে। এর মধ্যে ৫৯ জন পেয়েছে জিপিএ-৫, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৩৬ দশমিক ৬৪ শতাংশ। কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়নি।
তিন পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, শতভাগ পাসের হার নিয়ে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবার শীর্ষে রয়েছে। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৬ দশমিক ৪৩ শতাংশ এবং বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৪ দশমিক ৩০ শতাংশ।
শুধু পার্বত্য তিন জেলার মধ্যে নয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফলেও ষষ্ঠ স্থান অর্জন করেছে রাঙামাটির এই প্রতিষ্ঠানটি।
ফল প্রকাশের পর লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়। জিপিএ-৫ পাওয়া ও উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিনন্দন এবং মিষ্টি বিতরণে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা একে অপরের সঙ্গে সাফল্যের আনন্দ ভাগ করে নেন।
সফল শিক্ষার্থীরা জানান, এই অর্জনের পেছনে দীর্ঘদিনের নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিবিড় তদারকি এবং পরিবারের সহযোগিতা রয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে প্রথম হওয়া এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ষষ্ঠ স্থান অর্জন লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য আনন্দ ও গর্বের বিষয়। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য এসেছে।
তিনি বলেন, ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
এদিকে রাঙামাটি জেলার সার্বিক ফলাফলে আগের বছরের তুলনায় অবনতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এর মধ্যেও লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শতভাগ পাস এবং ৫৯ জনের জিপিএ-৫ পাওয়ার সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।


