পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তাই ওয়াগ্গা জোন সদর দপ্তর এবং জোনের আওতাধীন সব বিওপি, ক্যাম্প ও টিওবি এলাকায় প্লাস্টিক বর্জ্যসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা সংগ্রহ ও অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে অংশ নেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওছার মেহেদি, ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আশরাফুল ইসলাম, সহকারী পরিচালক জহুরুল ইসলামসহ ব্যাটালিয়নের কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং কর্তব্যরত সদস্য ছাড়া অন্যান্য সৈনিকরা।
এদিকে পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জোনের আওতাধীন বিভিন্ন বিওপি, ক্যাম্প ও টিওবি এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভারও আয়োজন করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে এসব বর্জ্য পুনর্ব্যবহারের (রিসাইক্লিং) জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
বিজিবি কর্মকর্তারা জানান, পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


