সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আগামী পাঁচ বছরে রাঙামাটির বিভিন্ন সড়কের পাশে ৪১ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে রাঙামাটি সড়ক বিভাগ।

বুধবার রাঙামাটি–চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি যৌথখামার এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল।

তিনি জানান, চলতি বছরে এক হাজার চারা রোপণ করা হবে। এরপর পরবর্তী চার বছরে প্রতি বছর ১০ হাজার করে মোট আরও ৪০ হাজার চারা রোপণ করা হবে। শুধু বৃক্ষরোপণ নয়, লাগানো চারাগুলোর অন্তত দুই বছর রক্ষণাবেক্ষণও নিশ্চিত করা হবে। ফলদ, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছ এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, উপ-সহকারী প্রকৌশলী রনেল চাকমা ও তিথী চাকমাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সড়ক বিভাগ সূত্র জানায়, চলতি বছরে রাঙামাটি সদর, কাউখালী, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলার প্রধান সড়কের পাশে ফলদ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী এক হাজার গাছের চারা রোপণ করা হবে। ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত ধাপে ধাপে আরও ৪০ হাজার গাছ লাগানো হবে।

এই কর্মসূচিতে জারুল, পলাশ, সোনালু, লাল সোনাইল, চন্দ্রপ্রভা, কাঞ্চন, সাজিনা, নিম, আমলকি, বকুল, জলপাই, বহেরা, হরিতকি, ছাতিমসহ বিভিন্ন দেশীয় প্রজাতির গাছ অন্তর্ভুক্ত থাকবে।

নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, জেলা ও উপজেলার প্রধান সড়কের দুই পাশে এবং সড়ক বিভাগের অফিস প্রাঙ্গণের খালি জায়গায় এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। রাঙামাটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হওয়ায় সড়কের সৌন্দর্যবর্ধনের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।