ভুয়া অভিজ্ঞতার সনদ, জাল স্বাক্ষর ও জাল লেটারহেড ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) এক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল সিকদার।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জুয়েল সিকদার সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সিএসই বিভাগের প্রধান ও রেজিস্ট্রারের স্বাক্ষর জাল করে এবং ভুয়া অভিজ্ঞতার সনদ দাখিল করে নিয়োগ লাভ করেন। নিয়োগের পর তিনি এসব তথ্য গোপন রেখে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে আসছিলেন।
অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে প্রাপ্ত সব ধরনের আর্থিক সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাবিপ্রবির উপাচার্য ড. মো. আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


