জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রাঙামাটি জেলায় ৮৬ হাজার ৬০৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য এ কর্মসূচি সফল করতে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।
তিনি জানান, ক্যাম্পেইনের দিন জেলার ১ হাজার ২৯৭টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল দেওয়া হবে। এছাড়া জরুরি প্রয়োজনে অতিরিক্ত এক হাজার ক্যাপসুল মজুত রাখা হয়েছে।
কর্মসূচি বাস্তবায়নে জেলার বিভিন্ন কেন্দ্রে ২ হাজার ১৪ জন স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্য বিভাগের ২৮৫ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন চৌধুরী, জেলা পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা, সোহাগময় চাকমা, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. জাফরিন জাহেদ, জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র হেলথ অফিসার খোকন চাকমা, জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার(এমওডিসি) ডা. প্রতিক সেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. প্রতিক সেন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা রোগসহ ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত সমস্যা দূর করতেই এ জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


