খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি দোকানঘর থেকে আবু ছিদ্দিক (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার কবাখালী বাজার এলাকার একটি ডেকোরেশন দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবু ছিদ্দিক রাঙামাটির লংগদু উপজেলার ৫ নম্বর সোনাই এলাকার সাবেক ইউপি সদস্য আবু তাহেরের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল চলাকালে ছিদ্দিকের পকেট থেকে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে পারিবারিক অশান্তি ও সংসারের টানাপোড়েনের কথা লেখা ছিল।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের পকেটে পাওয়া চিরকুটটি আমরা পরীক্ষা করছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


