পার্বত্য জেলা রাঙ্গামাটি আন্দোলন, সহিংসতা, প্রশাসনিক জটিলতা ও নিরাপত্তা সংকটের কারণে ২০২৫ সালে বারবার উঠে এসেছে জাতীয় আলোচনায়। শিক্ষক নিয়োগে বৈষম্যের অভিযোগ, বাজার ফান্ডের জমি নিয়ে অচলাবস্থা, সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং পাহাড়ে সশস্ত্র সংঘাত- সব মিলিয়ে বছরজুড়ে অস্থিরতার মধ্য দিয়েই কেটেছে জেলার সময়।

সাজেকে অগ্নিকাণ্ড ও নিরাপত্তা সংকট

বছরের শুরুতেই, ২৪ ফেব্রুয়ারি বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ১০টি রিসোর্ট ও ১৪টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। উদ্যোক্তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্রে এই অগ্নিকাণ্ড সারাদেশে উদ্বেগ ও আলোড়ন সৃষ্টি করে।

একই সঙ্গে পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষও অব্যাহত থাকে। পৃথক দুটি ঘটনায় গোলাগুলিতে প্রাণ হারান দুজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী বছরজুড়ে একাধিক সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। এর মধ্যে ৭ মার্চ কাউখালী উপজেলায় এবং ২৯ জুলাই বাঘাইছড়ির সাজেকে ইউপিডিএফের একটি আস্তানায় অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

বাজার ফান্ড জমি: দীর্ঘস্থায়ী জটিলতা

বাজার ফান্ডের জমি হস্তান্তর ও বন্ধকী জমি রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। গত বছরের নভেম্বর থেকেই এই সংকট প্রকট হয়ে ওঠে। ২৭ নভেম্বরের মধ্যে সমাধান না হলে শাটডাউন কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় নাগরিকরা।

দীর্ঘদিন ধরে রেজিস্ট্রেশন বন্ধ থাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেক ব্যবসায়ী ব্যাংক ঋণ নিতে পারেননি, আবার জমি ক্রয়-বিক্রয়ও স্থবির হয়ে পড়ে।

আইনগতভাবে বাজার ফান্ডের জমি নাগরিকদের অনুকূলে বন্দোবস্তযোগ্য হলেও ২০১৯ সালে খাগড়াছড়ি জেলা প্রশাসন এসব জমিকে খাসজমি হিসেবে উল্লেখ করে। ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধির ১২ ধারা (২) অনুযায়ী ব্যাংক ঋণসংক্রান্ত দলিল রেজিস্ট্রেশনের ক্ষমতা জেলা প্রশাসকের থাকলেও রাঙ্গামাটিতে ২০১৭ সাল থেকে এই প্রক্রিয়া দফায় দফায় বন্ধ রয়েছে।

শিক্ষক নিয়োগে বৈষম্য ও আন্দোলন

২০২৫ সালের অন্যতম আলোচিত ইস্যু ছিল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ। ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিয়োগ পরীক্ষা শেষ পর্যন্ত আর হয়নি।

কোটা বৈষম্য, প্রশ্নপত্র জালিয়াতি, ফলাফলে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে কোটা বিরোধী ঐক্যজোট, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের উদ্যোগে হরতাল ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হয়।

আন্দোলনকারীরা ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটা অনুযায়ী নিয়োগ, কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খাতা মূল্যায়ন এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি জানান। বাঙালি ও তফসিলভুক্ত উপজাতীয়দের জন্য পৃথক ফলাফল প্রকাশ এবং ১৯৮৯ সালের জেলা পরিষদ আইনের যথাযথ প্রয়োগ নিয়েও প্রশ্ন তোলা হয়। তবে এসব আন্দোলনের পরও বছরজুড়ে নিয়োগ প্রক্রিয়া আলোর মুখ দেখেনি।

প্রাণহানি ও সামাজিক অপরাধ

২০২৫ সালে রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, হাতির আক্রমণ, কাপ্তাই হ্রদে ডুবে যাওয়া ও আত্মহত্যাসহ নানা ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া সামাজিক অপরাধও উদ্বেগজনক মাত্রায় পৌঁছায়। ৩ ফেব্রুয়ারি কাউখালীতে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে হত্যা করা হয়। ১৫ জুলাই একই উপজেলায় এক ব্যবসায়ীকে জবাই করে হত্যার ঘটনা ঘটে। বছরজুড়ে তিনটি ধর্ষণের ঘটনাও নথিভুক্ত হয়।

পরিবেশ, চাঁদাবাজি ও কারাগারের মৃত্যু

পরিবেশগত দিক থেকেও বছরটি ছিল অশনি সংকেতের। ১১ মার্চ রাজস্থলীতে গর্ভধারণ অবস্থায় শাবকসহ একটি মা হাতির মৃত্যু হয়। ২১ অক্টোবর বরকলে পাহাড়ি খাদ থেকে পড়ে কাপ্তাই হ্রদে ডুবে মারা যায় একটি হাতি শাবক।

২৬ জুন রাতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা চাঁদার দাবিতে ঢুকে ১৫ জন শ্রমিকের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ঠিকাদারদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। এ ছাড়া ১৪ আগস্ট রাঙ্গামাটি কারাগারে বীর বাহাদুর (২৯) নামে এক কয়েদির মৃত্যু নতুন করে প্রশ্ন তোলে কারা ব্যবস্থাপনা নিয়ে।