চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা বড়বাড়ির মেয়ে মুমতাহিনা করিম মীম যুক্তরাষ্ট্রের ‘হেইস মেমোরিয়াল স্কলারশিপ’ অর্জন করেছেন। হেনড্রিক্স কলেজ থেকে প্রাপ্ত এই আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন ফুল-রাইড স্কলারশিপ প্রতিবছর বিশ্বের চারজন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয়। এবারের চারজনের মধ্যে তিনজন যুক্তরাষ্ট্রের হলেও মীমই একমাত্র আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে এ সম্মাননা অর্জন করেছেন।
ছোটবেলা থেকেই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন লালন করা মীম ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করেছেন, যার ফলস্বরূপ এ গৌরবজনক স্বীকৃতি। তার এই অর্জন দেশের উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে সরফভাটা বড়বাড়ির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বড়বাড়ির বাসিন্দা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, আরিফুল হাসান চৌধুরী মুরাদ, মঞ্জুর হাসান চৌধুরী, খালেদ হোসেন চৌধুরী রাসেল, নাজিম উদ্দীন চৌধুরী সুজা, করিম চৌধুরী, মো. রাহাত, মো. শিফু ও সোহেল রানা।
মীমের এই অর্জন শুধু বড়বাড়ি নয়, গোটা রাঙ্গুনিয়া ও বাংলাদেশের জন্যই এক গর্বের বিষয়।
-পার্বত্য সময়


