খাগড়াছড়িতে অস্ত্র কিনতে এসে যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন আইয়ুব (৩৮) নামে এক ব্যক্তি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের কৃষি গবেষণা কেন্দ্র এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আইয়ুব চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার মৃত ইছহাকের ছেলে।
পুলিশ জানায়, অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর জোনের ৩০ বীর-এর একটি টহল দলসহ যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আইয়ুবকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার তাকে আদালতে পাঠানো হবে।


