বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে অপহৃত ছয় রোহিঙ্গা শ্রমিককে ছাড়তে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। খবর স্টার নিউজের।

রোববার (৫ জুলাই) সকালে বাগানের মালিক কাওছারের কাছে মুঠোফোনে যোগাযোগ করে এ মুক্তিপণ দাবি করা হয় বলে জানা গেছে। তবে অপহরণের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও বাগান মালিক সূত্রে জানা গেছে, অপহরণের পর থেকেই স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। গতকাল রাত পর্যন্ত অভিযান চালানো হলেও শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি।

বাগানের মালিক কাওছার বলেন, সকালে অপহরণকারীরা ফোন করে ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। তবে এ বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিলেত্য চাকমা জানান, অপহৃতদের অবস্থান সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেছে এবং তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। অপহরণকারীরা শ্রমিকদের আশপাশে রেখেছে বলে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার বড়ই ঝিরি এলাকায় কাওছারের রাবার বাগান থেকে ছয় রোহিঙ্গা শ্রমিক অপহৃত হন।