বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নে এক ব্যক্তির কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করা দুইটি মূল্যবান রাজ ধনেশ পাখি উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজ ধনেশ পাখিগুলোর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নের পর বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে বন কর্মকর্তারা এগুলো কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠান।
বান্দরবান বন বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, জেলার পাহাড় ও বনাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণী রক্ষায় তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। এর অংশ হিসেবে গত ২ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের এক বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করা দুইটি রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়।
পাখিগুলো আকারে অপেক্ষাকৃত ছোট হওয়ায় তাৎক্ষণিকভাবে বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয় এবং স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে যথাযথ প্রস্তুতির পর বৃহস্পতিবার বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তার তত্ত্বাবধানে এসব পাখি ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়।
বন বিভাগ জানায়, এর আগেও বান্দরবান এলাকায় উদ্ধার হওয়া বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সাফারি পার্কে পাঠানো হয়েছে। পার্বত্য জেলায় বন ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান ও উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।
-পার্বত্য সময়


