বাংলাদেশ রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের চলমান সংকট ও শান্তি প্রক্রিয়া নিয়ে একটি বিশেষ আলোচনা সভা।

‘সমস্যাসংকুল পার্বত্য চট্টগ্রাম: শান্তির অন্বেষণ’ শীর্ষক এ আলোচনা সভা আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় রাওয়া হেলমেট হলে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচনাসভায় দেশের বিশিষ্ট সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ অংশ নেবেন। সভায় পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা, শান্তিচুক্তি বাস্তবায়ন, নিরাপত্তা চ্যালেঞ্জ ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনা হবে।

রাওয়া চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হক, পিএসসি (অব.) আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানের কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা ৩০ মিনিটে অতিথিদের আগমন এবং সকাল ১১টায় মূল অনুষ্ঠান শুরু হবে। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত, চেয়ারম্যানের স্বাগত ভাষণ, ভিডিও প্রদর্শনী ও মূল প্রবন্ধ উপস্থাপনের পর সকাল ১১টা ২৫ মিনিট থেকে দুপুর ১টা ২৫ মিনিট পর্যন্ত মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

আলোচনা শেষে বীরত্বসূচক পদক প্রদান ও সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে। এরপর নামাজ ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে।