বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের সম্মানে খাগড়াছড়িতে স্মরণ সভা ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে। জানা যায়, জেলার চেঙ্গী স্কয়ার এলাকায় ইউপিডিএফ (প্রসীত) ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 
১৮ আগষ্ট খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে দুর্বৃত্তের হামলায় নিহত ৭ জনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের সম্মানে এ স্মরণ সভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।
এসময় ইউপিডিএফ (মূল/প্রসীত) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন এর জেলা শাখার আহবায়ক এন্টি চাকমা,গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার সভাপতি ক্যামেরুন চাকমা,পিসিপি জেলা শাখার সাধারণ সম্পাদক রূপান্ত চাকমা,সাংগঠনিক সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমা, সদর উপজেলা পিসিপি'র সহ-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা'সহ ইউপিডিএফ (মূল/প্রসীত) ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপির) জেলা সভাপতি শান্ত চাকমা তার বক্তব্যে খাগড়াছড়ির স্বনির্ভর হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবী করেন। তিনি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধ'সহ সকল হত্যাকান্ডের বিচারের দাবী করেন। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন এবং অনতিবিলম্বে তা বন্ধের দাবি জানান।

-পার্বত্য সময়