চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন (পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি) ১৯০০ সালের আইন বাতিলের কথিত ষড়যন্ত্রের অভিযোগ করে রাঙ্গামাটিতে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। এতে বক্তারা আইনটিকে পাহাড়ের মানুষের ‘রক্ষাকবচ’ হিসেবে অভিহিত করেছেন। যদিও এই আইন নিয়ে খোদ উপজাতীয়দের মধ্যে মতবিরোধ ও দ্বিধাদ্বন্দ আছে।
মঙ্গলবার (৯ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান গেইটের সামনে সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও জেলা হেডম্যান কারবারি এ্যাসোসিয়েশন এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান সভাপতিত্ব করেন।
এই মানববন্ধনে জেলা হেডম্যান কারবারি এ্যাসোসিয়েশনের সভাপতি আওয়ামী লীগ নেতা চিংকিউ রোয়াজা, পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি ভবতোষ দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, মানবাধিকার কর্মী নিরুপা দেওয়ানসহ বিভিন্ন উপজাতি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন সংশোধন তথা বাতিলের চেষ্টাকে পাহাড়ি জনগণের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রথাগত আইনকে মুছে দিয়ে তাদের জাতীয় অস্তিত্ব চিরতরে বিলুপ্ত করে দেয়ার এক সুগভীর ষড়যন্ত্রের অংশ বলে প্রচার করেন। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা। পরবর্তীতে সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও জেলা হেডম্যান কারবারি এ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এছাড়াও ইউপিডিএফ (প্রসিত) এর উদ্যোগে খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ হয়। রামগড় উপজেলার জালিয়াপাড়া সড়কের যৌথ খামার এলাকায় রামগড় উপজেলা গণতান্ত্রিক যুব ফোরামের নেতা তৈমং ত্রিপুরা এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দীঘিনালা উপজেলার বাবুছড়া সড়কে, লক্ষ্মীছড়ী উপজেলার লক্ষ্মীছড়ি ইউনিয়নের যতীন্দ্র কারবাড়ি পাড়া, খাগড়াছড়ি সদরের প্রেসক্লাবের সামনে, রাঙ্গামাটি জেলার সাজেক ইউনিয়নের দোপাতাছড়া, পানছড়ি উপজেলার দুদকছড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ এর গুরুত্বপূর্ণ ধারা উপধারা বাতিল সুপারিশের উপর শীঘ্রই হাইকোর্টের আপীল বিভাগে শুনানি হবে বলে। এরই প্রেক্ষিতে আদালতকে প্রভাবিত করতে চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় এবং পিসিজেএসএস এর সভাপতি সন্তু লারমার নির্দেশনায় মানববন্ধনটি আয়োজন করা হয়েছে বলে সূত্র মারফত জানা যায়।
-পার্বত্য সময়

