বাঙালি জাতিকে অ-পাহাড়ী অ্যাখ্যা দিয়ে বক্তব্য দেওয়ায় অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগ দাবি করে খাগড়াছড়িতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বুধবার (২৮ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার মোড় প্রদক্ষিণ করে কোর্ট বিল্ডিং এলাকা ঘুরে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত শুক্রবার (২৩ আগস্ট) খাগড়াছড়ি সফরকালে সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাঙ্গালী জাতিকে হেয় করে অ-পাহাড়ী বলে বক্তব্য প্রদান করেন। বাঙ্গালী জাতিকে অ-পাহাড়ী অ্যাখ্যা দেয়া উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে অবিলম্বে সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবি করেন তারা।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রফিকুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ-সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীকে নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদও জানানো হয়।
-পার্বত্য সময়

