বান্দরবানে চাঁদা না পেয়ে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে রিসোর্টের মালিক ও ম্যানেজার অপহৃত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে নীলাচল পর্যটন কেন্দ্র এলাকার মেঘদুয়ারি রিসোর্ট থেকে তাদের অপহরণ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রাতের অন্ধকারে ১০–১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল রিসোর্টে হানা দেয়। তারা রিসোর্টের মালিক বাবু কর্মকার এবং ম্যানেজার মোহাম্মদ অভিকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। ঘটনাটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জানাজানি হলে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে।

অপহৃত রিসোর্ট মালিকের ভাই রাজু কর্মকার জানান, রাতে তার বড় ভাই ও রিসোর্টের ম্যানেজার মোটরসাইকেলযোগে বান্দরবান শহরে যাওয়ার সময় পথ থেকে তাদের অপহরণ করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি সড়কের পাশের জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। তবে এখন পর্যন্ত অপহরণকারীরা পরিবারের কাছে কোনো ধরনের মুক্তিপণ দাবি করেনি।

পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরে একটি সশস্ত্র গ্রুপ রিসোর্টের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল। দাবি পূরণ না হওয়ায় অপহরণের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তারা।

বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অপহৃত দু'জনকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।