বান্দরবানের জনপ্রিয় পর্যটন গন্তব্য রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়চূড়ায় ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে আগামী ১ অক্টোবর থেকে। দুর্গাপূজা সামনে রেখে পর্যটকদের আগ্রহ ও স্থানীয় পর্যটন ব্যবসার দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি গণমাধ্যমে বলেন, “সব দিক বিবেচনা করেই কেওক্রাডং পাহাড়চূড়ায় পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। তবে ভ্রমণকারীদের অবশ্যই বিদ্যমান নিয়মকানুন মেনে চলতে হবে।”

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় কেওক্রাডংসহ বেশ কয়েকটি এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হচ্ছিল। পর্যটন ব্যবসায়ীরা বিশেষ করে থানচির রেমাক্রী ও নাফাখুম এলাকায়ও ভ্রমণ উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন।

জেলা প্রশাসক জানান, রেমাক্রী ও নাফাখুমের ভ্রমণ নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে ধাপে ধাপে সেসব এলাকাও খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২০ অক্টোবর থেকে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। ওই সময় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামের সশস্ত্র সংগঠনের তৎপরতা বেড়ে যায় এবং তাদের সঙ্গে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার যোগাযোগের অভিযোগ ওঠে।

এরপর ৯ অক্টোবর থেকে যৌথ বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করলে নিরাপত্তার কারণে পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়।

পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে কয়েকটি এলাকায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি রোয়াংছড়ির দেবতাখুম পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়।

প্রশাসনের সাম্প্রতিক এ সিদ্ধান্তে কেওক্রাডংকে ঘিরে আবারও পর্যটন বাণিজ্যে গতি ফিরবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।