খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সোনালী ব্যাংকের একটি শাখায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) মধ্যরাতে দুর্বৃত্তরা ব্যাংকে প্রবেশ করে এ চুরি সংঘটিত করে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে ডিউটিরত নিরাপত্তাকর্মী অপূর্ব চাকমা ব্যাংক চত্বরে ঝাড়ু দিতে গিয়ে গেটের ভাঙা তালা দেখতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে চুরির ঘটনা প্রকাশ পায়।

সোনালী ব্যাংক মাটিরাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. হাবিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা ব্যাংকের গেট ও মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ড্রয়ার ভেঙে নগদ এক হাজার ৪৪০ টাকা এবং তালা খুলে তার ব্যবহৃত একটি ল্যাপটপ নিয়ে যায়। চুরির আগে ব্যাংকের সিসিটিভি ক্যামেরার সংযোগ তার কেটে দেওয়া হয়।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে দেখা গেলেও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তরা ব্যাংকের মূল ভল্টের তালা ভাঙতে ব্যর্থ হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি হয়নি। ঘটনার সময় ব্যাংকে অপূর্ব চাকমা (৩৪) ও কেনিয়ন চাকমা (৩৫) নামে দুইজন নিরাপত্তাকর্মী দায়িত্বে ছিলেন।

চুরির খবর পাওয়ার পর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, সিআইডি খাগড়াছড়ির পরিদর্শক পান্নালাল বড়ুয়া, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন এবং সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া সিআইডি চট্টগ্রাম ব্রাঞ্চের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছেন বলে জানা গেছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় এখনো কাউকে আসামি করে মামলা দায়ের করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।