বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী রেজুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৪ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি রামদাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) আওতাধীন রেজুপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন- মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) এবং মো. শফি আলম (৩০)। তারা তিনজনই কক্সবাজারের উখিয়ার এফডিএমএন ক্যাম্প-০১ এর ব্লক-ডি এলাকার বসবাসকারী।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মিয়ানমার সীমান্ত অতিক্রম করে তিন ব্যক্তি ব্যাগ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছিলেন। এ সময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে আটক করার পর তল্লাশিতে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ৩৪ হাজার ইয়াবা ট্যাবলেট এবং একটি রামদা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম বলেন, “দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে অভিযান চালিয়ে যাচ্ছে। আটক তিন রোহিঙ্গার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।