বান্দরবানের লামায় রোহিঙ্গা স্ত্রীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল জব্বারকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল জব্বার (৪২) বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। জাগো নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিনি মিয়ানমারের এক রোহিঙ্গা নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন এবং তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া জন্মসনদ ও অন্যান্য নথিপত্র সরবরাহ করেন।
কিন্তু নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে এসব নথি ভুয়া প্রমাণিত হলে তার স্ত্রীকে ভোটার হিসেবে নিবন্ধনের কার্যক্রম স্থগিত করা হয়। এরপরও আব্দুল জব্বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করেন এবং অশোভন আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানার পর লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল জব্বারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, "জন্ম-মৃত্যু নিবন্ধন আইন লঙ্ঘন করে মিথ্যা তথ্য সরবরাহে সহায়তা করার অপরাধে তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।"
প্রশাসনের এ ধরনের পদক্ষেপে নাগরিক তথ্যের নিরাপত্তা রক্ষিত হবে বলে স্থানীয়রা মনে করছেন।
-পার্বত্য সময়


