বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ জুন) ভোর সোয়া ৬টার দিকে মিয়ানমার সীমান্তঘেঁষা নোয়াপাড়ার জামালের ঘের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গা যুবকের নাম মো. শহীদ (১৯)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৮ (ইস্ট)-এর ব্লক-বি/৭৪-এর বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল ভোরে সীমান্ত এলাকার জামালের ঘের এলাকায় ওঁৎ পেতে অবস্থান নেয়। সকাল সোয়া ৬টার দিকে এক সন্দেহভাজন ব্যক্তি কাঁধে একটি ব্যাগ নিয়ে সীমান্ত অতিক্রম করতে গেলে টহল দল তাকে থামতে নির্দেশ দেয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক শহীদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির দাবি, এই ইয়াবাগুলো মিয়ানমার থেকে চোরাই পথে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আনার চেষ্টা হচ্ছিল।
উল্লেখ্য, মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা হওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাকে ইয়াবা পাচারকারীরা দীর্ঘদিন ধরেই রুট হিসেবে ব্যবহার করে আসছে। রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকারী কিছু অপরাধচক্র এই পাচার কাজে সক্রিয় ভূমিকা রাখছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতিতে অভিযান অব্যাহত থাকবে।
-পার্বত্য সময়


