বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ড্রাগন বাগান থেকে নুরুল আবছার (২২) নামে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) দুপুরে কচুবনিয়া এলাকার কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন ওই বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আবছার কক্সবাজারের উখিয়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আবছার। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে স্থানীয়রা ড্রাগন বাগানে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে ঘটনাস্থল থেকে নিহতের অটোরিকশা ও মোবাইলফোন উদ্ধার করা যায়নি।

পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “কারা কীভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
-পার্বত্য সময়


