আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে হতে যাচ্ছে রোহিঙ্গাবিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। তার আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সমাবেশ করেছে রোহিঙ্গারা।
উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর ক্যাম্পের ফুটবল মাঠে ‘আওয়ার ফিউচার, আওয়ার ভয়েস-মেসেজ এ হ্যাড অব দ্য ইউএন কনফারেন্স অন রোহিঙ্গা’ শীর্ষক সমাবেশে বিভিন্ন ক্যাম্প থেকে হাজারো রোহিঙ্গা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গাদের জন্য প্রতিশ্রুত ন্যায়বিচারের পাশাপাশি নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা এখন সময়ের দাবি। তাদের অভিযোগ, দীর্ঘ আট বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকট সমাধানে নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কার্যকর অগ্রগতি নেই। আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গারা কেবল মানবিক সহায়তার ওপর নির্ভর হয়ে পড়ছেন, যা কোনোভাবেই টেকসই নয়।

সমাবেশে রোহিঙ্গাদের ভোটে নির্বাচিত কমিউনিটি নেতা মাস্টার সৈয়দউল্লাহ বলেন, আমরা আর কোনো প্রতিশ্রুতি শুনতে চাই না। আমাদের প্রকৃত চাওয়া– গভীর নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে নিজ দেশে ফেরার সুযোগ করে দেওয়া। আমরা মিয়ানমারে নাগরিক অধিকার চাই; মর্যাদা নিয়ে বাঁচার সুযোগ চাই।

তরুণ রোহিঙ্গা অধিকারকর্মী কিন মং বলেন, আমাদের প্রজন্ম শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে সংকট আরও ভয়াবহ হবে