বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় গাজী রাবার প্রসেসিং প্লানটেশনের অফিসার ইনচার্জ শামিম রেজাকে গুলি করে ৫ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাইশারী বাজার-নারিচবুনিয়া সড়কের নারিচবুনিয়া শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শামিম রেজা গাজী রাবার প্রসেসিং প্লানটেশনের হিসাবনিকাশ শেষে ব্যাগে করে ৫ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওঁৎ পেতে থাকা ৬-৭ জন অস্ত্রধারী তার গতিরোধ করে গুলি চালায় এবং সঙ্গে থাকা নগদ অর্থ লুট করে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
শামিম রেজার ভাই সরওয়ার আলম জানান, “আমার বড় ভাই কাজ শেষে বাড়ি ফেরার সময় অতর্কিতে অস্ত্রধারীরা তার ওপর হামলা চালায়। গুলি করে টাকা লুট করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় আমাদের মা শাহিদা বেগম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করবেন।”
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বাইশারী ইউনিয়নের পুনর্বাসনপাড়া এলাকার মো. ইসহাকের ছেলে রকিবুল হাসানকে আটক করা হয়েছে।
ঘটনার বিষয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, “প্রাথমিক তদন্তের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার্স ইনচার্জ মাসরুরুল হক বলেন, “ঘটনার পেছনে কারা জড়িত, তা নির্ধারণে পুলিশ কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি দ্রুতই অন্যান্য জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”
স্থানীয়দের দাবি, এলাকায় কয়েক মাস ধরে সশস্ত্র তৎপরতা বেড়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।

-পার্বত্য সময়