সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু প্রচারণামূলক ওয়েবসাইটে ছড়িয়ে পড়া দাবি যে, বান্দরবানের রুমা থানাসহ পার্বত্য এলাকার একটি বড় অংশ আরাকান আর্মি ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নিয়ন্ত্রণে চলে গেছে- তা মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং।
প্রেস উইং এক বিবৃতিতে বলেছে, "এসব দাবির কোনো বাস্তব ভিত্তি নেই। রুমা থানার নিয়ন্ত্রণ বা বান্দরবানের কোনো ভূখণ্ড সশস্ত্র গোষ্ঠীর দখলে নেই।" তারা আরও জানায়, কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের প্রচারিত গুজবের ওপর ভিত্তি করেই এসব বিভ্রান্তিকর খবর ছড়ানো হয়েছে।


বান্দরবানের পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার, পিপিএম (বার), এসব প্রতিবেদনকে আনুষ্ঠানিকভাবে “ভুয়া” হিসাবে চিহ্নিত করেছেন।
তদন্তে দেখা গেছে, এসব গুজব ছড়ানো হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিছু কর্মী এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অস্থিতিশীল ও বিভ্রান্তিকরভাবে তুলে ধরতে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে জানায় প্রেস উইং।


তারা সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, "সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করতে আমরা সজাগ আছি। যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করার অনুরোধ করছি।"

-পার্বত্য সময়