অবশেষে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে সাজেক ও খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রথম দিন থেকেই সাজেকের পথে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় ভিড় দেখা যায়। সাজেক পরিবহণ মালিক সমিতির তথ্যমতে, আজ সকালে ২৫টি পিকআপসহ অসংখ্য সিএনজি ও মোটরবাইকে পর্যটকরা সাজেকের পথে রওনা দেন।
গত ৮ অক্টোবর থেকে খাগড়াছড়িতে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় অপেক্ষায় থাকা পর্যটকরা আনন্দিত। অনেকে বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে এসেছেন। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ইতোমধ্যে সাজেক ও খাগড়াছড়ির হোটেল ও কটেজগুলোতে শুক্রবার ও শনিবারের জন্য আগাম বুকিং শুরু হয়েছে।
সাজেক ছাড়াও আলুটিলা ও রিছাং ঝরনাসহ খাগড়াছড়ির অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতেও পর্যটকদের পদচারণায় মুখরিত হবে বলে আশা করা হচ্ছে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংস ঘটনার পর স্থানীয় প্রশাসন পর্যটকদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের স্বাগত জানানো হচ্ছে।
-পার্বত্য সময়


