রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। বেলা আড়াইটা পর্যন্ত ৩০টির বেশি রিসোর্ট-কটেজে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম প্রথম আলোর খবরে বলা হয়েছে, রিসোর্ট-কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে রুইলুই ভ্যালির হেডম্যান লালথাংয়া লুসাইয়ের বাসভবনের পাশে সাজেক ইকো ভ্যালি রিসোর্টে প্রথমে আগুন লাগে। পরে তা আশপাশের বসতঘর ও রিসোর্ট-কটেজে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েক শ পর্যটক আতঙ্কিত হয়ে রিসোর্ট-কটেজ থেকে বেরিয়ে যান। বেলা আড়াইটা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, সোমবার দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষনিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য অনিত্য ত্রিপুরা বেলা আড়াইটার দিকে প্রথম আলোকে বলেন, এলাকাবাসী এবং রিসোর্ট-কটেজের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ৩০-৩৫টি রিসোর্ট-কটেজে আগুন ছড়িয়ে পড়েছে। হতাহতের কোনো খবর জানা সম্ভব হয়নি।
-পার্বত্য সময়


