খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে পর্যটকদের অপহরণের ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে দীঘিনালা উপজেলার চিটিং টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুরের বাসিন্দা মো. খলিলুর রহমানসহ আট বন্ধু মিলে সাজেক ভ্রমণে বের হন। ৩ মার্চ সকালে খাগড়াছড়ি থেকে সাজেকের পথে রওনা হন তারা। সকাল সাড়ে ১০টার দিকে নয় মাইল এলাকায় পৌঁছালে বেলাল ও আজিবুর রহমান নামে দুই ব্যক্তি তাদের গাড়ির গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে কাছের একটি আম বাগানে নিয়ে যায় এবং আটকে রাখে।
অপহরণকারীরা সারা রাত তাদের জিম্মি করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে মোট ৭ লাখ ২০ হাজার টাকা আদায় করে অপহরণকারীরা। টাকা পাওয়ার পর ৪ মার্চ তাদের ছেড়ে দেওয়া হয়।
পুলিশের কাছে খবর পৌঁছানোর পর দীঘিনালা থানার একটি দল অভিযান পরিচালনা করে। অপহৃত পর্যটকদের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (৯ মার্চ) রাতে দীঘিনালার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেলাল, আজিবুর রহমান, সহিদুল ও সুফিয়া বেগমকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী মো. খলিলুর রহমান আটজনের নাম উল্লেখ করে দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে। সোমবার (১০ মার্চ) দুপুরে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
-পার্বত্য সময়


