রাঙামাটির সাজেকের চাইল্যাতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু)–এর সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সঞ্জিতা ত্রিপুরা নামে সাত বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে স্থানীয় গণমাধ্যমের খবর থেকে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাজেকের চাইল্যাতলী এলাকায় দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলাকালে চাইল্যাতলী এলাকার বাসিন্দা সঞ্জিতা ত্রিপুরা গুলিবিদ্ধ হন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুটি পক্ষের মধ্যে গুলাগুলি হয়েছে। এ সময় এক শিশুর বামহাতে গুলি লাগে। শিশুর হাত থেকে গুলিটি বের করা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছেন।

প্রাপ্ত তথ্যমতে, ইউপিডিএফ (প্রসীত)-এর সশস্ত্র গ্রুপের নেতৃত্বে ছিলেন বিপ্লব চাকমা। ওই গ্রুপে প্রায় ৪৫ থেকে ৫০ জন সদস্য ছিল বলে জানা গেছে। অপরদিকে, জেএসএস (সন্তু)-এর সশস্ত্র গ্রুপের নেতৃত্বে ছিলেন বিক্রম চাকমা। তাদের সঙ্গে প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য ছিল বলে সূত্রে জানা গেছে।

তবে গোলাগুলিতে দুই পক্ষের আর কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

এদিকে, এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের খবর পাওয়া যাচ্ছে। কেউ কেউ গোলাগুলির জন্য জেএসএসকে দায়ী করছে, আবার কেউ এর জন্য ইউপিডিএফকে দায়ী করছে।