পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী বিশেষ শাসন ব্যবস্থা এখনো কার্যকর না হওয়ায় পাহাড়ি জনগণ নানা সীমাবদ্ধতার মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে আয়োজিত তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সন্তু লারমা বলেন, “পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধানে ১৯৯৭ সালে শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বিশেষ শাসন ব্যবস্থার অভাবে এখানকার মানুষ এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত।”
তিনি আরও বলেন, “চুক্তির আলোকে পার্বত্য জেলা পরিষদ আইন প্রতিষ্ঠিত হলেও, জেলা পরিষদের কার্যাবলী এখনো সম্পূর্ণভাবে কার্যকর হয়নি। ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। সরকার এখনো পার্বত্য জেলার ক্রীড়াক্ষেত্রের দায়িত্ব জেলা পরিষদের ওপর হস্তান্তর করেনি।”
পার্বত্য অঞ্চলের ক্রীড়াক্ষেত্র প্রসঙ্গে সন্তু লারমা বলেন, “দেশের ক্রীড়া উন্নয়নে নানা ব্যবস্থা থাকলেও পার্বত্য অঞ্চলে তা বাস্তবায়িত হয়নি। এখানকার খেলাধুলা এখনো আগের পদ্ধতিতে চলছে, যেখানে স্থানীয় নেতৃত্বের পরিবর্তে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটি পরিবর্তনের জন্য সরকারের উদ্যোগ প্রয়োজন।”
তিনি আশা প্রকাশ করেন, “ভবিষ্যতে যার যার দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, যাতে পার্বত্য অঞ্চলের জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পায়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমা। এছাড়া উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, জেএসএসের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা,জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। অনুষ্ঠানে বক্তারা পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও স্থানীয় ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের দাবি জানান।

-পার্বত্য সময়