অন্তর্বর্তী সরকারের সংস্কারের নামে একের পর এক কমিশন গঠন করা হলেও দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দাবি ও স্বার্থকে কোনো প্রাধান্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
মঙ্গলবার (১২ আগস্ট) রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আয়োজিত জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আয়োজিত জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি সন্তু লারমা (মধ্যখানে), ছবি: ঢাকা এক্সপ্রেস


সন্তু লারমা বলেন, “বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর রয়েছে নিজস্ব সংস্কৃতি, ভাষা ও স্বতন্ত্র দাবি-দাওয়া। কিন্তু সংস্কার কমিশনগুলোতে এসব দাবি-দাওয়ার প্রতিফলন ঘটেনি। দেশে বাঙালি সহ মোট ৫২ জাতিগোষ্ঠীর বসবাস। সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের কথা বলা হলেও বাস্তবে তা হচ্ছে না।”
তিনি আরও বলেন, বর্তমান যুব সমাজকে নীতি-আদর্শে অবিচল থেকে প্রগতিশীল চিন্তা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা। বক্তব্য দেন পরিষদের সদস্য চঞ্চু চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, গবেষক তনয় দেওয়ান, হেডম্যান ভবতোষ দেওয়ান, সুজন রাঙামাটির সভাপতি এম জিসান বখতিয়ার এবং সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী।

-পার্বত্য সময়