পার্বত্য জেলা খাগড়াছড়ির সদর উপজেলায় একটি বিদ্যালয়ের পুরোনো টিনশেড ভবন অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৪ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার পেরাছড়া ইউনিয়ন–এর ধর্মপুর এলাকায় অবস্থিত পেরাছড়া উচ্চ বিদ্যালয়–এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, গভীর রাতে বিদ্যালয়ের পুরোনো টিনশেড ভবনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ভবনটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।
আগুনে ভবনের ভেতরে থাকা প্রায় ৩০ থেকে ৪০ জোড়া বেঞ্চসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী পুড়ে গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জাকের হোসেন জানান, জরুরি সেবা নম্বর জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত করা হবে।


