খাগড়াছড়ির ভাইবোনছড়ার ৭নং প্রকল্প গ্রামে নবনির্মিত রাধামন কলক কালেক্টর উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন এবং দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসকে ত্রাণবাহী দুইটি নৌযান হস্তান্তর করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। রোববার (৬ জুলাই) পৃথক দুটি অনুষ্ঠানে তিনি এসব কার্যক্রম সম্পন্ন করেন।
জেলা প্রশাসনের উদ্যোগে ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়টি পাহাড়ঘেরা ৭নং প্রকল্প গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টি নির্মাণের ফলে ওই গ্রামসহ আশপাশের প্রায় ১৬টি গ্রামের শিক্ষার্থীদের আর মাধ্যমিক শিক্ষার জন্য দূরদূরান্তে যেতে হবে না। বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসহ সকল কার্যক্রম শেষে ২০২৬ সাল থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
স্থানীয়রা জানান, এতদিন বিদ্যালয় না থাকায় পঞ্চম শ্রেণি পেরুনোর পর অনেক শিক্ষার্থী ঝরে পড়ত। নতুন এই বিদ্যালয়টি সেই সমস্যা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একইদিন, বন্যা ও দুর্যোগের সময় খাগড়াছড়ি শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বছরব্যাপী এমন দুর্যোগ মোকাবিলায় বহুল প্রত্যাশিত ত্রাণবাহী নৌযান হস্তান্তর অনুষ্ঠানে দুইটি নৌযান খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজান উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, স্থানীয় ইউপি চেয়ারম্যান সুজন চাকমা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এই উদ্যোগগুলো পাহাড়ি দুর্গম অঞ্চলে শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

-পার্বত্য সময়