রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে বেড়াতে এসে মো. মাসুদুল আলম (৪১) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাজেক পর্যটন এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু হয়।
নিহত মাসুদুল আলম ঢাকার সাভারের আনন্দপুর ল্যাবরেটরি স্কুলের শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার তাহেরহুদা এলাকায়। তিনি বর্তমানে সাভারের আনন্দপুর এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের আনন্দপুর থেকে ১৬-১৭ সদস্যের একটি পর্যটক দল খাগড়াছড়ি হয়ে চাঁদের গাড়িতে সাজেকে পৌঁছায়। পরে তারা সাজেকের বাশরাড়ি রিসোর্টে রাতযাপনের জন্য কক্ষ বুকিং করেন।
এরপর বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে কক্ষ বুকিং দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান মাসুদুল আলম। এ সময় সঙ্গে থাকা সহযাত্রীরা দ্রুত তাকে সাজেক পর্যটন এলাকার একটি স্থানীয় ফার্মেসিতে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্থানীয় পল্লিচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে উন্নত চিকিৎসার আশায় সহযাত্রীরা মাহিন্দ্রা গাড়ি ভাড়া করে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালের উদ্দেশে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সাভার থেকে ১৬-১৭ জনের একটি পর্যটক দল সাজেকে বেড়াতে আসে। রুম বুকিং দেওয়ার সময় মাসুদুল আলম হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হলে পল্লিচিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মাহিন্দ্রাযোগে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।


