খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চলমান অবরোধ পরিস্থিতি নিরসনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সোমবার (২৯ সেপ্টেম্বর) ‘জুম্ম ছাত্র-জনতা’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি জানান, সংগঠনটির পক্ষ থেকে অবরোধ তুলে নিলে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।
সংবাদমাধ্যম ইত্তেফাকের এক সংবাদে বলা হয়েছে- খাগড়াছড়ি সার্কিট হাউসে দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। তিনি বলেন, “অবরোধকারীদের আট দফা দাবি নিয়ে বৈঠক হয়। উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, দাবিগুলো মানা হবে। সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও নিহতদের সৎকারে সহায়তা দেওয়া হবে। ধর্ষণে জড়িত পলাতক আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।”
বৈঠকে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও জেলা প্রশাসক এবিএম ইফতেখায়রুল ইসলাম খন্দকারও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ‘জুম্ম ছাত্র-জনতা’ তাদের ফেসবুক পেজে বৈঠককে স্বাগত জানালেও অভিযোগ করেছে, উপদেষ্টার পক্ষ থেকে তাদের ইউপিডিএফ সদস্য হিসেবে অভিহিত করা অপমানজনক।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর রাতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়লে ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয়। সহিংসতা ঠেকাতে খাগড়াছড়ি সদর ও গুইমারায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে, যা এখনো বহাল রয়েছে।


