পার্বত্য অঞ্চলের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী উৎসব বৈসাবি উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

সভায় জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা, সাংবাদিক এবং বৈসাবি উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন উৎসবের বিস্তারিত কর্মসূচি উপস্থাপন করেন।

বক্তারা বলেন, পাহাড়ের এই ঐতিহ্যবাহী উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এছাড়া উৎসবটি সফল ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়।