কক্সবাজার ও বান্দরবানে শারদীয় দুর্গাপূজা–২০২৫ উদযাপনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। কক্সবাজারে ৩১৭টি, বান্দরবানে ৩১টি এবং রোহিঙ্গা ক্যাম্পে ১টি মণ্ডপসহ মোট ৩৪৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে।
র‌্যাব সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে ১২টি পিকআপে ৯৬ জন সদস্য, ১১টি মোটরসাইকেলে ২২ জন এবং ৪৫ জন সাদা পোশাকের গোয়েন্দা সদস্যসহ মোট ১৬৩ জন মোতায়েন থাকবে। এছাড়া দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। প্রতিটি মণ্ডপের আশপাশে নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট এবং সিসিটিভি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, “সর্বোচ্চ নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও বিদ্যুৎ সুবিধার মাধ্যমে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করা হবে। এবারের উৎসব হবে শান্তি, আনন্দ ও সম্প্রীতির মধ্যে।”
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি দিপন বিশ্বাস বলেন, “র‌্যাব ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে আমরা উৎসবে নিরাপত্তা বিষয়ে আশ্বস্তবোধ করছি। এতে হাজারো ভক্ত ও দর্শনার্থী শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করতে পারবেন।”
উৎসবের জন্য নিরাপত্তা জোরদার করার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আশ্বাস পেয়েছেন।

-পার্বত্য সময়