পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বৈষম্যবিরোধী আন্দোলনের পার্বত্য চট্টগ্রামের মুখপাত্র শাহাদাত ফরাজী সাকিবকে মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। তাকে ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে হরতাল ও অবরোধসহ দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অচল করে দেওয়া হবে ঘোষণা দেন মানববন্ধনের বক্তারা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শহরের চেঙ্গি স্কয়ার এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে শাপলা চত্বর এলাকায় এসে শেষে হয়। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র ও যুব সংগঠক মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক আব্দুল মজিদ, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি দোলোয়ার হোসেন, দীঘিনালা উপজেলা নাগরিক পরিষদের সভাপতি জাহিদ হাসান, রামগড় গুচ্ছগ্রাম ভূমিরক্ষা কমিটির সভাপতি মো. ইউনুস, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সদস্য আব্দুল ওয়াহিদ।
বক্তারা বলেন, দেশপ্রেমিক শাহাদাত ফরাজী সাকিবকে আটকে রেখে এই পার্বত্য অঞ্চলে তারা শান্তিতে থাকতে পারবে না। পার্বত্য অঞ্চলকে খ্রিষ্টানরাষ্ট্র রাজ্য বানোর ষড়যন্ত্র করেছিল। তার প্রতিবাদ করতে গিয়ে শাহাদাত ফরাজী সাকিব ভাইকে আজ কারাগার বরণ করতে হচ্ছে। শাহাদাত ফরাজী সাকিব ভাইকে দ্রুত যদি মুক্তি দেওয়া না হয়, তাকে যদি জেলে রাখতে হয় পার্বত্য অঞ্চলের সব বাঙালিদের নিয়ে দুর্বার আন্দোলন করা হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে হরতাল ও অবরোধসহ দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।
উল্লেখ, ১২ ফেব্রুয়ারি ঢাকায় রাত ১২ দিকে ডিএমপি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

-পার্বত্য সময়