বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি আনতে সেখানে সেনা মোতায়েন এবং শান্তি চুক্তি বাতিল করা উচিত।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে বৈষম্যবিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আইনজীবী ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এ মন্তব্য করেন।

তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস এর জাতিসংঘে দেওয়া বক্তব্যের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি পার্বত্য অঞ্চলের শান্তি ও নিরাপত্তার বিষয়ে জাতিসংঘে জোরাল বক্তব্য প্রদান করেছেন। এর আগে এমন সাহসী বক্তব্য বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান দিতে পারেননি।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ভূমিকার কথা উল্লেখ করে তার যোগ্য নেতৃত্বের প্রশংসা করেন। পার্বত্য চট্টগ্রামসহ বন্দরনগরী চট্টগ্রাম হুমকির মুখে উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান সরকারের উপদেষ্টাগণ যেন এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে।

ভারতের সঙ্গে করা দেশবিরোধী সকল অবৈধ চুক্তি বাতিলের পাশাপাশি ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম কালো চুক্তি বাতিল করার দাবি জানান। এ সময় পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে প্রত্যাহারকৃত ২৪১টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা খুবই জরুরি বলে উল্লেখ করেন।

বৈষম্যবিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক তৌহিদ আজাদের পরিচালনা ও পার্বত্য চট্টগ্রাম আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক হুইপ, সাবেক এমপি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক আহসান উল্লাহ, খাগড়াছড়ি পার্বত্য জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বান্দরবান জেলা জামায়াতের আমির এস. এম আব্দুস সালাম আজাদ, আইআইইউটি ঢাকা’র অধ্যাপক ড. আমান উদ্দিন মুজাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।

মতবিনিময় সভায় অন্যান্য অতিথিবৃন্দ পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান করতে অন্তর্বর্তী সরকার কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 -পার্বত্য সময়