পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, টাকার অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক। তিনি বলেন, বাংলাদেশে কোনো ছাত্র-ছাত্রী যেন ঝরে না পড়ে-এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ।
শনিবার (২৫ এপ্রিল) রাঙামাটির দুর্গম বরকল উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জানা যায়, বরকলের জুনো পাহাড় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইশিকা চাকমা মাত্র ৭ হাজার টাকার অভাবে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছিল না। বিষয়টি জানতে পেরে মন্ত্রী তাৎক্ষণিকভাবে তার পরীক্ষার সব খরচ বহনের ঘোষণা দেন।
তিনি দৃঢ়ভাবে বলেন, ইশিকার স্বপ্ন পূরণে যা প্রয়োজন আমরা তা করব।
মন্ত্রী দীপেন দেওয়ান ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় নিয়ে আমি তোমাদের মাঝে এসেছি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাংলাদেশে কোনো ছাত্র-ছাত্রী যেন ঝরে না পড়ে।
দুর্গম এলাকার শিক্ষার্থীদের সহায়তায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার জন্য ১০ লক্ষ টাকা নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে বলে মতবিনিময় সভায় জানান মন্ত্রী।
ভবিষ্যতে অর্থের অভাবে পরীক্ষা দিতে না পারার মতো ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
নিজের জীবনের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, আমিও তোমাদের মতো সাধারণ ছাত্র ছিলাম, সেখান থেকে কঠোর পরিশ্রম করে বিসিএস জুডিশিয়াল সার্ভিসে যোগ দিয়েছিলাম। তোমরাও পারবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আমি এবং সরকার তোমাদের পাশে আছি।
উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বরকলের মোবাইল নেটওয়ার্ক সমস্যার দ্রুত সমাধান এবং কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজ শুরুর প্রতিশ্রুতি দেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকা- এগিয়ে নিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বরকল উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. রিজাউল করিম, জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈম এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

