বান্দরবান জেলার লামা উপজেলায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতের দিকে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়া এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপসীপাড়া ইউনিয়নের মুরুংঝিরি এলাকার দুর্গম পাহাড়ি জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় কাঠুরিয়া রাসেল প্রথমে বানরটিকে দেখতে পান। একপর্যায়ে আতঙ্কিত হয়ে বানরটি তাঁকে কামড় দিলে তিনি সেটিকে ধরে ফেলেন।
পরে সন্ধ্যার দিকে বানরটি লোকালয়ে আনা হলে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। তারা তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেন। সংবাদ পেয়ে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে রাত প্রায় ৯টার দিকে বিশেষ টহল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা রনি পারভেজ ও সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে বানরটি উদ্ধার করেন।
বিশেষ টহল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা রনি পারভেজ জানান, যে বনাঞ্চল থেকে বানরটি ধরা হয়েছিল, রবিবার সকালে সেখানেই প্রাণীটিকে নিরাপদে অবমুক্ত করা হবে।


