বান্দরবানের রুমা থানার ব্যাংক ডাকাতি মামলায় গ্রেফতার হওয়া ছয় নারী আসামি জামিনে মুক্তি পেয়েছেন। 
বুধবার (২১ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম কারাগার থেকে তারা মুক্তি লাভ করেন।
মুক্তিপ্রাপ্ত আসামিরা হলেন- শিউলি বম, আলমন জিং দিকপার বম, জিং রুন এং বম, লাল সিং পার, লাল নুন জির বম এবং ভান ইন কিম। তারা সবাই রুমা উপজেলার বেথেল পাড়ার বাসিন্দা।
গত ১৩ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন মঞ্জুর হয়। পরে ১৯ আগস্ট বান্দরবান সিজেএম আদালতের মাধ্যমে জামিনের আদেশ স্থানীয় কারাগারে পৌঁছায়। চট্টগ্রাম কারাগারে ২০ আগস্ট সেই আদেশ পৌঁছানোর পর বুধবার আনুষ্ঠানিকভাবে তাদের মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২ এপ্রিল রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থ লুট করে একদল সশস্ত্র লোক। পুলিশের ১০টি এবং আনসার সদস্যের চারটি অস্ত্রও লুট করে নিয়ে যায় তারা। অপহরণ করা হয় ব্যাংকটির ম্যানেজার নেজাম উদ্দিনকে। দুদিন পর তাকে উদ্ধার করা হয়। রুমার ঘটনার এক দিন পর ৩ এপ্রিল থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকেও দিন-দুপুরে অর্থ লুটের ঘটনা ঘটে। দুটি ঘটনায় পাহাড়ে সশস্ত্র সংগঠন কেএনএফ জড়িত বলে জানা যায়। এরপর থেকে লুট হওয়া অস্ত্র-অর্থ উদ্ধারে রুমা ও থানচিতে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেফতার করে যৌথ বাহিনী।

-পার্বত্য সময়