পাহাড় বা প্রকৃতি ও পরিবেশ আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। প্রকৃতিকে আশ্রয় করেই সভ্যতার সূচনা হয়েছে এবং বিকাশ লাভ করছে। গাছপালা বা বৃক্ষরাজির সঙ্গে জীবশ্রেণির সম্পর্ক অবিচ্ছেদ্য। বন্যপ্রাণী, কীটপতঙ্গ তথা প্রাণীর অস্তিত্ব বজায় রাখতে বৃক্ষরাজি মুখ্য ভূমিকা পালন করে। পাহাড় প্রকৃতি কিংবা পরিবেশের জীব ও জড় উপাদান যদি মানব সৃষ্ট আগুন থেকে ধ্বংস হয়ে যায় তাহলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়াই অবধারিত। পার্বত্য চট্টগ্রামে জুমের আগুনের বিরূপ প্রভাবে পাহাড় ধস বাড়ছে, সেসাথে জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও পাহাড়ি গাছগাছালি বিলুপ্তির পথে।
বর্তমানে সারাদেশের ন্যায় পাহাড়েও তীব্র তাপদাহে বিপর্যস্ত বয়ে যাচ্ছে। বৃষ্টি নেই, শুষ্ক মৌসুম। অনাবৃষ্টি ও খরার কারণে পাহাড় হাহাকার। এসময় জুমে দেওয়া আগুন দাবানলের মত ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন তাপদাহের মধ্যে উপজাতিরা জুমে আগুন দিয়ে গাছপালা ও কীটপতঙ্গ পুড়িয়ে ফেলছে। জুমের আগুনে পুড়ছে রাঙামাটির ফুরমোন পাহাড়, সাপছড়ি এলাকার বিভিন্ন পাহাড়, বাঘাইছড়ি উপজেলার মাঝিপাড়া সহ পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা।
এই আগুনের কারণে অনেক ঘর- বাড়িও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তথাকথিত পদ্ধতিতে শত শত পাহাড়ের ঝোপ-জঙ্গল, গাছপালা কেটে আগুনে পোড়ানো হচ্ছে জুম চাষের জন্য। জুমের আগুনে পার্বত্যাঞ্চলের সবুজ শ্যামল প্রকৃতি পুড়ে সৃষ্টি হয়েছে ন্যাড়া পাহাড়। বছরের পর বছর পাহাড়ে আগুন দিয়ে জুম চাষের ফলে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণীজ সম্পদ। পাহাড়ের গাছগাছালি ও কীটপতঙ্গ পুড়ে জুমচাষ করেই প্রাকৃতিক পরিবেশকে বিপন্ন করার পাশাপাশি মাটি ক্ষয় এবং প্রাণীজ সম্পদের খাদ্য ও বসবাসের আশ্রয়স্থলও ধ্বংস করে দিচ্ছে। এ কারণে পাহাড়ে পরিবেশ সম্মতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে জুম চাষের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
তীব্র তাপদাহের কারণে পাহাড় বা জুমে দেওয়া আগুন বিস্তীর্ণ এলাকায় দাবানলের মত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিগত বছর গুলোতে দেখা গেছে, পাহাড় জুমে দেওয়া আগুনে ঘর-বাড়ি ও পশুপাখি পুড়ে যাওয়ার নির্মম দৃশ্য৷ সাম্প্রতিক সময়েও জুমের আগুনে অনেক উপজাতি- বাঙালি পরিবারকে গৃহহীন হতে হয়েছে।
বৈজ্ঞানিক পদ্ধতিতে জুম চাষ করা গেলে গাছপালা, বন্যপ্রাণী এবং পাহাড়ধস রোধ করা সম্ভব হবে। জুম চাষের মাধ্যমে আরো অধিক ফলনও উৎপাদন সম্ভব হবে। মৃত্তিকা ও পরিবেশবাদী সংস্থার জরিপে দেখা গেছে, জুম চাষের ফলে বনজ সম্পদ ধ্বংস হয়ে পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। পক্ষান্তরে মাটির উর্বরতা শক্তি হ্রাস করে ভূমি ক্ষয় হচ্ছে। পাশাপাশি বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল ধ্বংস হচ্ছে এবং ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। এ কারণে প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হতে চলেছে। ভূমি অবক্ষয় সম্পর্কিত একজরিপে দেখা গেছে, বাংলাদেশে মোট পাহাড়ি ভূমির প্রায় ১৭ হাজার বর্গকিলোমিটার ভূমি এখন ক্ষয়ের মুখে। তার জন্য প্রধানত জুমচাষকে দায়ী করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ও প্রকৃতি আগুনে পুড়িয়ে যে জুম চাষ করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করা হয় তা বন্ধে পরিবেশবাদীরা সজাগ দৃষ্টি রাখলে গাছপালা, কীটপতঙ্গ, বন্যপ্রাণী এবং পাহাড়ধস রোধ করা সম্ভব হবে।
- -পার্বত্য সময়

