খাগড়াছড়ির রামগড়ে নিজের বাবাকে হত্যার দায়ে ছেলে শুভ চন্দ্র নাথকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত জুলাই মাসে বাদাম বিক্রেতা মাখন চন্দ্র নাথ (৫৪) হত্যার রহস্য উদঘাটনের পর বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে রামগড়ের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘ তদন্ত ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হয়। গ্রেপ্তারকৃত শুভ চন্দ্র নাথ রামগড় পৌরসভার উত্তর গর্জনতলী এলাকার বাসিন্দা এবং নিহত মাখন চন্দ্রের একমাত্র ছেলে।
মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই রাতে নিজ বাড়ির সামনে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শুভ ক্ষিপ্ত হয়ে কোদালের কাঠের হাতল দিয়ে মাখন চন্দ্রের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হত্যার ঘটনা ধামাচাপা দিতে ছেলে শুভ মায়ের কাছে হুমকি দিয়ে মরদেহটি ঘরের বাঁশের আড়ায় ঝুলিয়ে রাখে, যেন আত্মহত্যা বলে মনে হয়।
ঘটনার পর নিহতের বড় ভাই রাখাল চন্দ্র নাথ (৭০) বাদী হয়ে রামগড় থানায় হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্তে হত্যার আলামত স্পষ্ট হওয়ায় পুলিশ তদন্তের দিক পরিবর্তন করে এবং অবশেষে পুত্র শুভ চন্দ্রকে গ্রেপ্তার করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, আসামি শুভ চন্দ্র নাথ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে নিজের বাবাকে হত্যার দায় স্বীকার করেছে।


