জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে পার্বত্য জেলা রাঙামাটিতে। তেল সরবরাহ ব্যাহত হওয়ায় মঙ্গলবার (৩১ মার্চ) থেকে বুধবার পর্যন্ত টানা দুই দিন কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। একই কারণে যাত্রীবাহী লঞ্চ চলাচলও সীমিত করা হয়েছে।
রাঙামাটি জেলা লঞ্চ মালিক সমিতির তথ্য অনুযায়ী, জেলা শহরের সঙ্গে বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি ও নানিয়ারচর- এই ছয়টি উপজেলার মধ্যে নৌপথে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। এসব লঞ্চ পরিচালনায় দৈনিক প্রায় ১,০০০ থেকে ১,২০০ লিটার জ্বালানি প্রয়োজন হয়। তবে ঈদের পর থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ায় নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে।
লঞ্চ মালিকরা জানান, দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক না হলে নৌপথে লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল কমিয়ে আনা হয়েছে।
রাঙামাটির রিজার্ভবাজার লঞ্চঘাটের লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, আগে রাঙামাটি-মারিশ্যা রুটে চারটি লঞ্চ চলাচল করলেও এখন তা কমিয়ে তিনটিতে নামানো হয়েছে। একইভাবে লংগদু-মাইনী রুটে চারটির পরিবর্তে তিনটি এবং বরকল রুটে চারটির পরিবর্তে দুটি লঞ্চ চলাচল করছে। তেল সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকবে।
এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী গণমাধ্যমকে বলেন, তেল সংকট হওয়ার কথা নয়, কারণ যাত্রীবাহী নৌযানগুলোকে পর্যায়ক্রমে জ্বালানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে। এরপরও সমস্যা থাকলে তা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানান তিনি।


