চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। এবার পাস করেছে ৭২ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ কম।
২০২৪ সালে এই হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ।তবে পাসের হার কমলেও বেড়েছে সর্বোচ্চ ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন, যা গতবার ছিল ১০ হাজার ৮২৩ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ পারভেজ সাজ্জাদ চৌধুরী বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এবার বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মোট ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
গতবার অংশ নিয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন।
এবার মোট পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন শিক্ষার্থী। বিভাগভিত্তিক ফলাফলের মধ্যে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগ। এখানে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ। তবে সেটিও গতবারের চেয়ে ২ শতাংশ কম। ব্যবসায় শিক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিকে ৫৫ দশমিক ০২ শতাংশ।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১০ হাজার ৪৫৮ জন বিজ্ঞান বিভাগে, ১ হাজার ২৪৭ জন ব্যবসায় শিক্ষায় এবং মাত্র ১৩৮ জন মানবিক বিভাগে।
-পার্বত্য সময়


