রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (এসএসসিএইচটি) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর পৌনে ১টায় এই ঘটনা ঘটে। এ সময় আলী আকবর হোসেন নামে একজনের বাড়িও পুড়ে যায়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ন কবীর আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের বিষয়টি স্থানীয়দের নজরে আসলে প্রশাসনকে জানায়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি এবং স্থানীয়দের সহায়তায় এক ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুনের সময় বাড়ি ও কার্যালয়ে কেউ ছিল না। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এদিকে স্থানীয়রা বলছেন, দেশের সর্ব বৃহত্তর এই উপজেলায় এখনও কোন ফায়ার স্টেশন না থাকায় আগুনে প্রতিবছর কোটি টাকার ক্ষতি হচ্ছে। স্থানীয়দের দাবি দ্রুত সময়ে বাঘাইছড়িতে ফায়ার স্টেশন স্থাপন করার।
এর আগে, গত ২০২১ সালের ১৪ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কোয়ার্টার এ ভয়াবহ আগুন লেগে ৫ কক্ষ বিশিষ্ট কার্যালয়টি পুড়ে যায়।
-পার্বত্য সময়


