দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র বা প্রোপাগান্ডার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শুক্রবার (১৩ মার্চ) রাতে চট্টগ্রামের ওমর গণি এমইএস কলেজ ছাত্রদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর পরিকল্পনা অনুযায়ী আধুনিক, উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনবান্ধব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু, খাল খনন কর্মসূচি এবং ১০ লাখ টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফসহ একাধিক জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে।
কোনো ষড়যন্ত্র বা প্রোপাগান্ডা যাতে এই উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
দেশ ও মানুষের জীবনমান উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় আগামী দিনের বাংলাদেশ বিশ্ব দরবারে আরও শক্ত অবস্থান তৈরি করবে।


